
নিউজ ডেস্ক (চট্টগ্রাম)
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন দশম দিনে গড়িয়েছে। ক্লাস-পরীক্ষা বর্জনের পাশাপাশি বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি পালন করেন তারা।
একই দাবিতে পঞ্চম দিনের মতো কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা। বৃহস্পতিবার বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত উপাচার্য ভবনের সামনে অবস্থান নেন তারা।
এদিকে আন্দোলনের অংশ হিসেবে গান ও কবিতায় প্রতিবাদ জানিয়েছেন শিক্ষার্থীরা। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত উপাচার্য ভবনের সামনে ‘প্রতিবাদী কনসার্ট’ কর্মসূচির আয়োজন করা হয়। একই সঙ্গে গত কয়েক দিনের আন্দোলনের বিভিন্ন মুহূর্ত নিয়ে আলোকচিত্র প্রদর্শনীরও আয়োজন করেন তারা।
পুরকৌশল বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মৌমিতা দত্ত প্রিয়া বলেন, সাবেক উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েম স্যারকে পুনর্বহালের দাবিতে আজ দশম দিনের মতো আমাদের প্রতিবাদী কর্মসূচি চলছে। এরই ধারাবাহিকতায় আজ প্রতিবাদী কনসার্ট ও আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। আলোকচিত্র প্রদর্শনীতে গত নয় দিনে আমাদের যে প্রতিবাদী কণ্ঠস্বর ফুটে উঠেছে, তা তুলে ধরা হচ্ছে। পাশাপাশি প্রশাসনের নীরবতারও তীব্র সমালোচনা জানানো হচ্ছে। আমাদের সাবেক উপাচার্যকে পুনর্বহাল না করা পর্যন্ত আমাদের এই আন্দোলন চলবে।
শিক্ষার্থীরা জানান, গত নয় দিনে আন্দোলনের বিভিন্ন কর্মসূচির ছবি আলোকচিত্র প্রদর্শনীতে তুলে ধরা হয়েছে। পাশাপাশি গান ও কবিতার মাধ্যমে তারা তাদের দাবির কথা তুলে ধরেন।
উল্লেখ্য, গত ২২ সেপ্টেম্বর থেকে চুয়েটে শিক্ষার্থীদের ‘সর্বাত্মক শাটডাউন’ কর্মসূচি চলছে। অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে উপাচার্য হিসেবে পুনর্বহালের দাবিতে শিক্ষার্থীরা এর আগে মশাল মিছিল, লাল কার্ড প্রদর্শনসহ বিভিন্ন কর্মসূচি পালন করেছেন। আন্দোলনের কারণে বিশ্ববিদ্যালয়ের নিয়মিত অ্যাকাডেমিক কার্যক্রমও বন্ধ রয়েছে।